শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বসৌদি আরবকে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি আরবকে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদি আরবকে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের কাছে প্রায় ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা সামগ্রী বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় সৌদি বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সহায়ক সামগ্রী সরবরাহ করা হবে।


মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, চুক্তির অংশ হিসেবে সৌদি আরবে সীমিত সংখ্যক দীর্ঘমেয়াদি মার্কিন বেসামরিক ঠিকাদার অথবা সামরিক সদস্য মোতায়েনের প্রয়োজন হতে পারে।


পেন্টাগনের নোটিশে বলা হয়, সৌদি সরকার ‘নন-মেজর ডিফেন্স ইকুইপমেন্ট’ হিসেবে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ও মেরামত সামগ্রী, আনুষঙ্গিক সরঞ্জাম, মেরামত ও ফেরত সহায়তা, গ্রাউন্ড ও জনবল সরঞ্জাম, গোপনীয় সফটওয়্যার ও সফটওয়্যার সহায়তা, কারিগরি নথিপত্র, জনবল প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সরঞ্জাম কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশল, কারিগরি ও লজিস্টিক সহায়তা সেবাও এই চুক্তির অন্তর্ভুক্ত।


পেন্টাগনের মতে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহায়ক হবে। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার করবে। এফ-১৫ যুদ্ধবিমানগুলোর মাধ্যমে সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতাও বাড়বে বলে জানানো হয়।


এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে সম্ভাব্য ৯ বিলিয়ন ডলারের ৭৩০টি প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি–৩ মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্ট (পিএসি-৩ এমএসই) ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেয়। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, এই উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের স্থলবাহিনীকে সুরক্ষা দেবে এবং সেন্টকম অঞ্চলে সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সৌদি আরবের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।


লকহিড মার্টিন নির্মিত পিএসি-৩ এমএসই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।


সূত্র: আনাদোলু