উত্তেজনা কমাতে হোয়াইট হাউজে ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্টের প্রথম বৈঠক
দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কমাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হোয়াইট হাউজে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈঠক শেষে দুই নেতাই আলোচনাকে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরে পেত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তার অভিযোগ তুলে আসছিলেন ট্রাম্প এবং অতীতে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক বৈঠকের পর ট্রাম্পের মনোভাব পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
বৈঠক শেষে ট্রাম্প বলেন, “পেত্রো এবং আমি ঘনিষ্ঠ বন্ধু নই, তবে এখন আমরা একসঙ্গে কাজ করার ইচ্ছা রাখি।” অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বৈঠককে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, আলোচনা ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে এবং তিনি এটিকে আশাব্যঞ্জক মনে করছেন।