শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বসমালোচনার ঝড়ে সরানো হলো বিতর্কিত ভিডিও, ওবামা দম্পতিকে নিয়ে পোস্ট ঘিরে চাপে ট্রাম্প

সমালোচনার ঝড়ে সরানো হলো বিতর্কিত ভিডিও, ওবামা দম্পতিকে নিয়ে পোস্ট ঘিরে চাপে ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
সমালোচনার ঝড়ে সরানো হলো বিতর্কিত ভিডিও, ওবামা দম্পতিকে নিয়ে পোস্ট ঘিরে চাপে ট্রাম্প

তীব্র সমালোচনার মুখে প্রকাশের প্রায় ১২ ঘণ্টা পর বিতর্কিত একটি ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছিল। ভিডিওটি ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা হয়েছিল।


৬২ সেকেন্ডের ওই ভিডিওতে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গান ব্যবহার করা হয় এবং শেষাংশে ২০২০ সালের মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে ধরা হয়। একটি অংশে ছোট একটি বানরের নাচের দৃশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ওবামার মুখ বসানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।


শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি কোনো ভুল করেননি এবং পোস্টের আগে ভিডিওটির পুরোটা দেখেননি। তার দাবি, ভিডিওতে ওবামা পরিবারের ছবি রয়েছে—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না।


রিপাবলিকান সিনেটর টিম স্কটসহ দলটির কয়েকজন সদস্য পোস্টটি সরানোর আহ্বান জানান। স্কট ভিডিওটিকে ‘চরম বর্ণবাদী’ বলে মন্তব্য করেন। শুরুতে হোয়াইট হাউস ভিডিওটিকে ‘ইন্টারনেট মিম’ হিসেবে উল্লেখ করে সমালোচনাকে অতিরঞ্জিত বলে দাবি করলেও পরে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে ট্রুথ সোশ্যাল থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।


হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, একজন কর্মী ভুলবশত ভিডিওটি পোস্ট করেছিলেন। ট্রাম্পের এক উপদেষ্টা দাবি করেন, প্রেসিডেন্ট ভিডিওটি আগে দেখেননি এবং পরে দেখে সেটি সরানোর নির্দেশ দেন। তবে পোস্ট করা কর্মীর পরিচয় সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি।


ঘটনাটি সামনে আসার পর ট্রাম্পের অতীত বিতর্কিত মন্তব্য ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে তিনি বারবার দাবি করেছিলেন যে সাবেক প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি—যা পরবর্তীতে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়।


ভিডিওটি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ওবামা পরিবার।


সূত্র: রয়টারার্স।