রুশ তেল ইস্যুতে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়কে কেন্দ্র করে ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ইকোনমিকস টাইমস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে জানান, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি না করার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহের ওপর নির্ভরতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে দিল্লি। এ সিদ্ধান্ত স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে।
তিনি আরও জানান, আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর একটি কাঠামোতেও ভারত সম্মতি দিয়েছে।
এর আগে ঘোষিত বাণিজ্যচুক্তির অংশ হিসেবে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ধাপে ধাপে ১৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।