রাশিয়ায় ছুরিকাঘাত: চার ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত
রাশিয়ার উফা শহরে একটি বিদেশি ছাত্রাবাসে ছুরিকাঘাতের ঘটনায় চারজন ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। মস্কোর ভারতীয় দূতাবাস শনিবার (৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের স্পোর্টস হলে হামলা ঘটে। হামলাকারী মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, যিনি ছুরি নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাধা দিতে গেলে তিনি দুই পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করে এবং নিজেও নিজেকে আঘাত করার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করেছে।
মস্কোর ভারতীয় দূতাবাস এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে বর্ণনা করেছে। আহত শিক্ষার্থীদের সহায়তায় কাজান শহর থেকে কনস্যুলেট কর্মকর্তারা উফায় পৌঁছেছেন। দূতাবাস নিয়মিত রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নয়াদিল্লির বিদেশ মন্ত্রক পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।
ভারত সরকার বিদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আহত শিক্ষার্থীরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং দূতাবাস তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।