শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলা: মূল পরিকল্পনাকারীসহ চার সন্দেহভাজন গ্রেপ্তার

ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলা: মূল পরিকল্পনাকারীসহ চার সন্দেহভাজন গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলা: মূল পরিকল্পনাকারীসহ চার সন্দেহভাজন গ্রেপ্তার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় তারলাই এলাকায় মুসল্লিতে পরিপূর্ণ একটি শিয়া মসজিদে এই হামলা চালানো হয়। এতে ৩০ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক মুসল্লি আহত হন। বিস্ফোরণে অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, আটককৃতদের মধ্যে একজন আফগান নাগরিক রয়েছেন, যাকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজনদের ধরতে পরিচালিত অভিযানে একজন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।


হামলায় নিহতদের জানাজাকে কেন্দ্র করে শনিবার ইসলামাবাদে শোকের ছায়া নেমে আসে। নিহত ৩২ জনের জানাজায় অংশ নিতে হাজারো মানুষ জড়ো হন। কড়া নিরাপত্তার মধ্যে জানাজা অনুষ্ঠিত হয় এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়।


হামলায় নিহত ২১ বছর বয়সী মুজতবা আলীর চাচা আশিক হোসেন রয়টার্সকে বলেন, ‘আমাদের পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।’


এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার সঙ্গে জড়িতদের অর্থায়ন ও লক্ষ্যবস্তু নির্ধারণে ভারতের ভূমিকার অভিযোগ তুললেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।