জাপানের নির্বাচনে বড় জয় এলডিপির, দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা
জাপানের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬৫ আসনের পার্লামেন্টে দলটি ৩১৬টি আসনে এগিয়ে রয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার অনেক বেশি।
নিম্নকক্ষে সরকার গঠনের জন্য যেখানে ২৩৩টি আসন প্রয়োজন, সেখানে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এলডিপি। নির্বাচনী প্রচারণায় কর ছাড়সহ অর্থনৈতিক সুবিধার প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা না হলেও বিজয়ের আনন্দ শুরু করেছে দলটি। প্রধানমন্ত্রী তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যদিও ব্যক্তিগতভাবে তাকাইচি জনপ্রিয়, তবে সাম্প্রতিক সময়ে এলডিপি তহবিল কেলেঙ্কারি ও ধর্মীয় বিতর্কের কারণে চাপের মুখে ছিল। রাজনৈতিক পরিস্থিতি ঘুরিয়ে দিতে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি।
পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে দীর্ঘদিনের লক্ষ্য— জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধনের পথ এখন সহজ হতে পারে। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানি সামরিক বাহিনীর ওপর থাকা কিছু আইনি সীমাবদ্ধতা শিথিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
জয়ের আভাস পাওয়ার পর তাকাইচি বলেন, দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতি বজায় রেখে বিনিয়োগ বাড়ানো হবে সরকারের অগ্রাধিকার।
উল্লেখ্য, এবার আগের নির্বাচনের তুলনায় আগাম ভোট কিছুটা কম পড়েছে। এক সপ্তাহ আগে পর্যন্ত প্রায় ৪৬ লাখ ভোটার আগাম ভোট দেন, যা ২০২৪ সালের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম। উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাত এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।