নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে সাড়ে সাত বছরের কারাদণ্ড
ইরানের মানবাধিকার কর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে প্রায় সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার আইনজীবী এবং সমর্থক সংগঠনগুলো এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তার আইনজীবী মোস্তাফা নিলি জানান, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্র’ অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ‘প্রপাগান্ডা চালানো’র অভিযোগে আরও দেড় বছরের সাজা দেওয়া হয়েছে।
রায়ের অংশ হিসেবে তাকে পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে দুই বছরের জন্য নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
তবে আইনজীবী জানিয়েছেন, রায়টি এখনও চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা হবে। গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে চিকিৎসার জন্য তাকে সাময়িক জামিনে মুক্তি দেওয়ার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
কারাগারে আটক পরিস্থিতি এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগে বাধা দেওয়ার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেছিলেন নার্গিস মোহাম্মাদি। নার্গিস ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়েছে, ছয় দিন পর তিনি অনশন প্রত্যাহার করেছেন, তবে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক।
উল্লেখ্য, নার্গিস মোহাম্মাদি ইরানের দ্বিতীয় নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এর আগে ২০০৩ সালে মানবাধিকার ও গণতন্ত্রে অবদানের জন্য এই সম্মান পান শিরিন এবাদি।