পারমাণবিক আলোচনা নিয়ে ওমান সফরে যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি
ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সচিব আলি লারিজানি আগামী মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান।
সোমবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে লারিজানি জানান, তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরকালে প্রতিনিধিদলটি ওমানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক পরিস্থিতি, পাশাপাশি বিভিন্ন স্তরে ইরান–ওমান দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। গত বছরের জুনে ১২ দিনব্যাপী ইরান–ইসরায়েল যুদ্ধের পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম সংলাপ। ওই যুদ্ধে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক অংশগ্রহণও ছিল।