কানাডায় স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ১০
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া (বিসি) প্রদেশের গ্রামীণ শহর টাম্বলার রিজে একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভুক্তভোগী এবং একজন সন্দেহভাজন শ্যুটার রয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্যমতে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া একটি আবাসিক বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরসিএমপি জানায়, সন্দেহভাজন শ্যুটারকে স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের আঘাতেই তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন নারী হতে পারেন। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
এক সংবাদ সম্মেলনে চিফ সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড বলেন, স্কুলে মৃত অবস্থায় পাওয়া সন্দেহভাজন ব্যক্তিই সেই ব্যক্তি, যাকে ঘিরে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা (অ্যালার্ট) জারি করা হয়েছিল। কানাডিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অ্যালার্টে সন্দেহভাজনকে বাদামি চুলের পোশাক পরা এক নারী হিসেবে বর্ণনা করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, প্রায় ২৫ জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী ও সলিসিটার জেনারেল নিনা ক্রিগার। এক বিবৃতিতে তিনি বলেন, “আজকের এই ধ্বংসাত্মক ঘটনা পুরো কমিউনিটি এবং প্রদেশজুড়ে শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
সূত্র: সিবিসি, বিবিসি