শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদন‘ভাগম ভাগ ২’-এ নেই গোবিন্দ, নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন মনোজ বাজপেয়ী

‘ভাগম ভাগ ২’-এ নেই গোবিন্দ, নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন মনোজ বাজপেয়ী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ভাগম ভাগ ২’-এ নেই গোবিন্দ, নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন মনোজ বাজপেয়ী

দুই দশক আগে মুক্তি পাওয়া অক্ষয় কুমার, গোবিন্দ ও পরেশ রাওয়াল অভিনীত জনপ্রিয় কমেডি চলচ্চিত্র ‘ভাগম ভাগ’ নতুন করে ফিরছে সিক্যুয়াল নিয়ে। তবে দ্বিতীয় কিস্তিতে থাকছে বড় পরিবর্তন। জানা গেছে, আসন্ন ‘ভাগম ভাগ ২’ ছবিতে দেখা যাবে না অভিনেতা গোবিন্দকে। বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছেন পরেশ রাওয়াল।


তিনি জানান, এবার দর্শক নতুন একটি জুটি দেখতে পাবেন এবং গোবিন্দের জায়গায় যুক্ত হচ্ছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তবে গোবিন্দ কেন এই সিক্যুয়ালে নেই, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তার এই বক্তব্যের পর থেকেই বলিউডে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন গোবিন্দ। বিশেষ করে তার স্ত্রী সুনীতা আহুজার বিভিন্ন প্রকাশ্য মন্তব্য এবং অভিনেতার ব্যক্তিগত আচরণ ও পারিবারিক সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ সংবাদমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। যদিও গোবিন্দ এসব বিষয়ে বিভিন্ন সময়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, বিতর্ক পুরোপুরি থামেনি।


অনেকে ধারণা করছেন, ব্যক্তিগত এই বিতর্ক সিক্যুয়াল থেকে তার বাদ পড়ার পেছনে ভূমিকা রাখতে পারে, যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। অন্যদিকে, মনোজ বাজপেয়ীর সংযোজন ছবিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, নতুন এই জুটিকে দর্শক কতটা গ্রহণ করেন।