বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারতের সীমান্তে কড়া নজরদারি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত সরকার সাতটি রাজ্যের সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ভারতের অভ্যন্তরে ছড়িয়ে না পড়ে।
মঙ্গলবার সকাল থেকে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে হোটেল ও জনবহুল স্থানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে। তেঁতুলিয়া কংক্রিট ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। বাংলাদেশে ভোটের দিন পর্যন্ত এই তৎপরতা চলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের পশুপতি ফটকেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। দুই দেশের নাগরিক ও পর্যটকদের জন্য পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশের নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে তিন দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার নির্বাচনী ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে পুনরায় বন্দর চালু হয়ে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।