ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ইরানকে ঘিরে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে আলোচনা এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা।
মঙ্গলবার তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন নেতানিয়াহু। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তার সপ্তম যুক্তরাষ্ট্র সফর। চলতি মাসের ১৮ তারিখে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ইরানের বিরোধী অবস্থানে রয়েছে, তবুও ওয়াশিংটন-তেহরান আলোচনার বিষয়ে ইসরায়েল তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছে এবং এমন আলোচনায় আপত্তি জানিয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হতে পারে। তবে একই সঙ্গে তিনি তেহরানের ‘সীমারেখা’ উল্লেখ করে সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন।