শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইতিহাসে প্রথমবার একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট, ভোটগ্রহণ চলছে সারা দেশে

ইতিহাসে প্রথমবার একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট, ভোটগ্রহণ চলছে সারা দেশে

favicon
ভোরের আলো ডেস্ক:
ইতিহাসে প্রথমবার একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট, ভোটগ্রহণ চলছে সারা দেশে

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সরকার ও নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট—দুটি আলাদা ব্যালটে ভোট গ্রহণ এবং পোস্টাল ব্যালটের প্রক্রিয়াগত জটিলতার কারণে ফলাফল প্রকাশে স্বাভাবিকের তুলনায় কিছুটা সময় বেশি লাগতে পারে।

সারা দেশের ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, মোট কেন্দ্রের ৪০ শতাংশের বেশি কেন্দ্রকে বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করে সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৯ লাখের বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। উপকূলীয় পাঁচ জেলার ১৭টি আসনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য এবং বিমানবাহিনীর ৩ হাজার ৫০০ সদস্য দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা পৌনে ১৩ কোটিরও বেশি। তাদের মধ্যে বড় একটি অংশ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি ৯০ লাখ তরুণ ভোটার রয়েছেন। বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফল নির্ধারণে এই তরুণ ভোটাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

২৯৯টি আসনে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশ নিয়েছে। দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।