শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বরমজান উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি ও সংহতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রমজান উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি ও সংহতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

favicon
ভোরের আলো ডেস্ক:
রমজান উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি ও সংহতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

পবিত্র রমজান মাসের সূচনা উপলক্ষে বিশ্বজুড়ে শান্তি, মানবিকতা ও সংহতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বার্তায় তিনি বলেন, রমজান বিশ্বব্যাপী মুসলমানদের জন্য আত্মচিন্তা, সংযম ও প্রার্থনার এক পবিত্র সময়, যা আশা ও শান্তির মহান বার্তা বহন করে।


তিনি উল্লেখ করেন, যদিও রমজান আশা ও ঐক্যের প্রতীক, তবুও বিশ্বের বহু মানুষের কাছে সেই আশা এখনো অধরা। আফগানিস্তান, ইয়েমেন, গাজা, সুদানসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের কারণে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে।


গুতেরেস বলেন, এই বিভক্ত ও সংকটময় সময়ে রমজানের চিরন্তন বার্তা আমাদের স্মরণ করিয়ে দেয়—বিভেদ দূর করা, দুঃখ-কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।


তিনি জানান, প্রতি বছর সংহতির প্রতীক হিসেবে তিনি কোনো একটি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রোজায় অংশ নেন এবং রমজানের শান্তি ও সহমর্মিতার চেতনা থেকে অনুপ্রেরণা পান।


জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন, এই পবিত্র মাস বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে এবং মানুষের জন্য আরও শান্তিপূর্ণ, উদার ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে সহায়ক হবে।