দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ: লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ ববি কবুতর গ্রেপ্তার
ভারতের উত্তর প্রদেশের বরেলীতে অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গত বছরের সেপ্টেম্বরে গুলিবর্ষণের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি থেকে পুরো হামলার পরিকল্পনা পরিচালনায় তার ভূমিকা ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
তদন্তে জানা গেছে, ববি নিজে গুলি না চালালেও হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহে জড়িত থাকতে পারেন। এসব অস্ত্র বিদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যান্য অপরাধের সঙ্গেও তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়িকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয়। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি হামলা চালায় বলে জানা যায়। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডী ব্রার ঘটনার দায় স্বীকার করেন। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে কেন্দ্র করে হামলাটি চালানো হয়।
ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন করে ববি কবুতরের গ্রেপ্তারকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ।