অভিনয় থেকে সাময়িক বিরতিতে সামিরা খান মাহি, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সময় কাটাতে
শোবিজ অঙ্গনে একের পর এক বিরতির ঘোষণার মধ্যেই এবার অভিনয় থেকে সাময়িক বিরতির কথা জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি জানান, জীবনের এই পর্যায়ে এসে তার কিছুটা থেমে যাওয়ার প্রয়োজন অনুভব করছেন। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে বিরতি দরকার হয়, আর এখন সেই সময়টিই নিচ্ছেন তিনি।
তবে এটি স্থায়ী বিদায় নয় বলেও স্পষ্ট করেন এই অভিনেত্রী। তিনি বলেন, কাজ এবং ভক্তদের ভালোবাসা ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে হয়। তাই এই বিরতিকে যেন কেউ চূড়ান্ত বিদায় না ভাবেন—এমন অনুরোধও জানান তিনি।
হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা না করলেও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পোস্টের মন্তব্যঘরে অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। অনেকে ধারণা করছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তি পেতেই এই বিরতি।
বিরতির ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন মাহি। সেখানে নিজের বোনের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।