চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে আদাবর থানা ঘেরাও, মধ্যরাতেও বিক্ষোভ
ভোরের আলো ডেস্ক:
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার আদাবর থানায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
জানা যায়, শনিবার সন্ধ্যার পর চাঁদা দাবিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীরা একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালিয়ে মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে। এ ঘটনার বিচার এবং এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে ভুক্তভোগীসহ স্থানীয়রা রাতে থানার সামনে জড়ো হন। রাত ১টার পরও বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে বেতন বিতরণের সময় ১০–১২ সদস্যের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল মোবাইল ফোন ও টাকা ছিনতাই করা। হামলায় কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি আশপাশের কারখানাগুলোতে ছড়িয়ে পড়লে শ্রমিকরা অভিযুক্ত রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে অবরোধ করলে তিনি ভয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসে। এ সময় উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়।
পুলিশ জানায়, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং ঘটনার তদন্ত চলছে। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে আদাবর থানা ঘেরাও, মধ্যরাতেও বিক্ষোভ