চন্দনাইশ–দোহাজারীতে পরিবহন ট্যাক্স বাতিল, নিজ তহবিল থেকে টাকা পরিশোধ এমপি জসিমের
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও দোহাজারী পৌরসভায় পরিবহন ট্যাক্স বাতিল ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খুদে পরিবহন শ্রমিকদের অভিযোগের পর তিনি ইজারাদারদের ডেকে নিজের তহবিল থেকে ইজারাকৃত অর্থ পরিশোধ করেন। এর ফলে তাৎক্ষণিকভাবে ট্যাক্স টোকেন প্রদান বন্ধ করা হয়। এখন থেকে পৌরসভা এলাকায় সব যাত্রীবাহী ও পরিবহন গাড়ি ট্যাক্স ছাড়াই চলাচল করতে পারবে।
দোহাজারী পৌরসভার পরিবহন ট্যাক্স ইজারাকারী নাছির উদ্দীন জানান, এমপির কাছ থেকে ইজারার টাকা বুঝে পাওয়ার পর ট্যাক্স টোকেন দেওয়া বন্ধ করা হয়েছে।
সাংসদ জসিম উদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স টোকেন উত্তোলনকে কেন্দ্র করে যানজট, দুর্ঘটনা ও হয়রানির ঘটনা ঘটছিল। এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে তিনি নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে ইজারা কার্যক্রম বাতিল করেছেন।
ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কাজে এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।