শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশমোহাম্মদপুরে চাঁদাবাজ ‘কাইল্লা ফারুক’ গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড

মোহাম্মদপুরে চাঁদাবাজ ‘কাইল্লা ফারুক’ গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
মোহাম্মদপুরে চাঁদাবাজ ‘কাইল্লা ফারুক’ গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে ফারুক ওরফে কাইল্লা ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর এলাকাবাসীকে সতর্ক করতে পুলিশ মাইকিং করে চাঁদা না দেওয়ার আহ্বান জানায়। পরে হত্যাচেষ্টা মামলায় আদালত তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে আসামিকে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজু আহম্মেদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদপুর থানার ওসি তাকে নিয়ে এলাকায় মাইকিং করে চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা দেন।

মামলার তথ্য অনুযায়ী, ফারুক ও তার সহযোগীরা গ্রীনভিউ হাউজিং এলাকায় একটি মাদকচক্র পরিচালনা করত। স্থানীয় ব্যবসায়ী রাসেল ও তার বন্ধু মামুন ওই মাদক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নিলে আসামিরা ফুটপাতের দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করে। এতে বাধা দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

গত ২১ ফেব্রুয়ারি বিকেলে বছিলা রোড এলাকায় অস্ত্র নিয়ে এসে রাসেল ও মামুনকে মারধর করে গুরুতর আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রাসেল মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।