প্রতারণার অভিযোগে গ্রেপ্তার গায়ক নোবেল জামিন পেয়েছেন
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জামিন পেয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপোসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।
এদিন আদালতে হাজির করা হয় গ্রেপ্তার আসামি নোবেলকে। তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এর আগে, গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
মামলাটি গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দেন। অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন নোবেল। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়।