ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার
ভোরের আলো ডেস্ক:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ভোলার তজুমদ্দিন উপজেলা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) থেকে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধী নারী (২৬) কে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় মূল হোতা মো. রাকিব সহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন:
মো. রাকিব (৩০), চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড, শশীগঞ্জ এলাকার মো. ছালেমের ছেলে
মো. জুয়েল (৩৫), একই এলাকার আবদুল মন্নানের ছেলে
আল আমিন সম্রাট (২০), মাওলানাকান্দি এলাকার মো. আলীর ছেলে
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম জানান, গত রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভুক্তভোগী নারী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন এবং গুরুতর অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যান।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশের বিশেষ অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার