গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, ঢাকা বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ভর্তি হয়েছেন।
এ সময়ে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ জনে। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ১ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এতে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।