শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বগাজাবাসীদের হজে অংশগ্রহণ সীমিত করার অভিযোগ, ফিলিস্তিনি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ক্ষোভ

গাজাবাসীদের হজে অংশগ্রহণ সীমিত করার অভিযোগ, ফিলিস্তিনি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:

গাজা উপত্যকার হজ ও ওমরাহ কোম্পানিগুলোর সংগঠন অভিযোগ করেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এ বছর গাজার বাসিন্দাদের হজ পালনের সুযোগ সীমিত করছে।

সংগঠনের সদস্য আওয়াদ আবু মাধকুর কুদস প্রেসকে জানান, হজে যেতে আগ্রহী গাজাবাসীরা নানা জটিলতার মুখে পড়ছেন এবং এর দায় সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর বর্তায়। তার দাবি, গাজা উপত্যকার ভেতর থেকে হজযাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা বাতিল করা হয়েছে। ফলে এবারের হজ কার্যক্রম মূলত বিদেশে অবস্থানরত গাজাবাসী—বিশেষ করে মিসর ও অন্যান্য দেশে থাকা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আগের বছর যারা নিবন্ধন করে লটারিতে অংশ নিয়েছিলেন এবং নির্ধারিত ফি পরিশোধ করেছিলেন, তাদের জন্য আবারও নিবন্ধন চালু করা হয়েছে, যা অযৌক্তিক। তার মতে, নতুন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

আবু মাধকুর জানান, নিবন্ধনের সময়সীমা মাত্র পাঁচ দিন নির্ধারণ করা হয় এবং এতে বিদেশে থাকা ফিলিস্তিনিরা অংশ নিতে পারলেও গাজার ভেতরে বসবাসকারীরা ভ্রমণ জটিলতার কারণে কার্যত বাদ পড়ে যান।

প্রতি বছর গাজা উপত্যকার জন্য নির্ধারিত হজ কোটায় ২ হাজার ৫০৮ জন হাজি এবং অতিরিক্ত ২৫ জন প্রশাসনিক কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকেন। চলতি বছর উপত্যকার বাইরে বসবাসকারী প্রায় ১ হাজার ৪০০ জন ইতোমধ্যে নিবন্ধন করেছেন বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, গাজার নির্ধারিত কোটা পূরণ হওয়ার আগেই নিবন্ধন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট কোটা পশ্চিম তীর ও জেরুজালেমের হাজিদের জন্য বরাদ্দ করা হতে পারে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।