শরীয়তপুরে নিরাপত্তা জোরদারে ১৪ কিমি এলাকায় এআই প্রযুক্তির ১২০ সিসিটিভি ক্যামেরা
আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। শহরের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে এআই প্রযুক্তিসম্পন্ন ১২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের তিনটি প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ সংযোগপথ, পালং, আংগারিয়া ও মনোহর বাজারসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকা এখন এই নজরদারির আওতায় এসেছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাস টার্মিনাল, আদালত এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কীর্তিনাশা নদীর কোটাপাড়া অংশে নৌপথেও যুক্ত করা হয়েছে নজরদারি ব্যবস্থা। এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরাগুলো সন্দেহজনক চলাচল, যানজট, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করতে সক্ষম। কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে সংকেত পৌঁছাবে এবং সেখান থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীও এই মনিটরিং সুবিধা ব্যবহার করবে।