বাঞ্ছারামপুরে মানহীন কসমেটিকস বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারের একটি শপিং মার্কেটে অনুমোদনহীন ও মানহীন পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে প্রসিকিউশন দেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। জনস্বার্থে বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামের দুটি প্রতিষ্ঠানকে অনুমোদনহীন ও বিক্রয়-নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। তিনি জানান, জনস্বার্থ রক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।