কাজিপুরে যৌথ অভিযানে গাঁজা গাছসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা এলাকায় বিশেষ যৌথ অভিযানে গাঁজা গাছসহ এক সাবেক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে প্রশাসন। রবিবার রাত সাড়ে আটটা থেকে পৌণে দশটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মাহবুবুর রহমান ওরফে মানিক স্থানীয় চালিতাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একটি কারিগরি বিদ্যালয়ের শিক্ষক এবং কাজিপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক হিসেবে পরিচিত।
কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তের বাড়ির পেছনে অভিযান চালিয়ে প্রায় ১০–১২ ফুট উচ্চতার এবং আনুমানিক ৫ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই আইনি প্রক্রিয়া শুরু করা হয় এবং রাতেই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। সোমবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করেছেন বলেও জানান তিনি।
অভিযানে স্থানীয় থানা পুলিশের সদস্যদের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।