মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বড় অংশের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর বিমানবন্দর বন্ধ থাকায় গত তিন দিনে অন্তত ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ওমানগামী মাস্কাট রুটে ফ্লাইট এখনও স্বাভাবিকভাবে চলছে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল সোমবার (২ মার্চ) জানান, সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুইটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ও একটি আগমনী ফ্লাইট, এবং এয়ার আরাবিয়ার একটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। দ্বিপক্ষীয় রুটে অচলাবস্থা থাকলেও মাস্কাট রুটে বিমান চলাচল অব্যাহত রয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইট (OV-401) শাহ আমানতে অবতরণ করে এবং ৯টা ৩০ মিনিটে (OV-402) পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে উড্ডয়ন করে।