রাজশাহীতে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজ হওয়ার প্রায় ১১ ঘণ্টা পর আদিব (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকাল সাতটার দিকে রাজশাহী জেলার পবা উপজেলার ধরমপুর গ্রামের একটি ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদিব ওই গ্রামের ফার্মেসি ব্যবসায়ী রানা’র ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, রোববার রাত পৌনে ৯টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে এলাকাবাসী ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কর্ণহার থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।