সীতাকুণ্ডে গলায় ছুরিকাঘাতে আহত শিশু ইরার মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
ইরার চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেছেন। গত রবিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ তার গলায় অস্ত্রোপচার করা হয়। পরদিন তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত রবিবার সকালে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক-এর ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ইকোপার্কের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে দেখতে পান এবং উদ্ধার করেন।
প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র জানায়, সহস্রধারা ঝরনার আরও প্রায় ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি পড়ে ছিল।
শ্রমিকরা নিজেদের কাপড় দিয়ে তার রক্তপাত বন্ধের চেষ্টা করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। শিশুর মা বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।