ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে না স্পেন, মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়া
ইরানে সম্ভাব্য হামলার জন্য নিজেদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে স্পেন। দেশটির এই অবস্থানের পর সেখানে থাকা অন্তত ১৫টি মার্কিন যুদ্ধবিমান অন্যত্র সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২ মার্চ) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24–এর তথ্যে দেখা যায়, স্পেনের রোটা ও মোরন ঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, ইরানে হামলার উদ্দেশ্যে তার দেশের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, স্পেনের সামরিক স্থাপনাগুলো এই অভিযানে ব্যবহৃত হচ্ছে না এবং জাতিসংঘ সনদ কিংবা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে কোনো কর্মকাণ্ডে সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
স্পেনের এ অবস্থানের প্রেক্ষিতে মার্কিন যুদ্ধবিমানগুলো জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না—এমনকি নিজেদের ঘরের ভেতরেও নয়।