রায়গঞ্জে খাস পুকুর নিয়ে সংঘর্ষে ২ নিহত, হাসপাতালে থাকা ৩ জন আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—গোয়ালপাড়ার নজর আলীর ছেলে আছমত আলী (৪২), একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪৪) ও আব্দুর রহিমের ছেলে তরিকুল ইসলাম (৪২)। তারা বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, সংঘর্ষের পর উভয় পক্ষের আহতরা হাসপাতালে ভর্তি হন। আবুবক্কার সিদ্দিক গ্রুপের দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার মামলা করলে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে। অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ ও বগুড়ার হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রায়গঞ্জ থানার এসআই আব্দুল মতিন বলেন, সংঘর্ষে আবুবক্কার সিদ্দিক গ্রুপের ছয়জন এবং আছমত আলী গ্রুপের তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত আবুবক্কার সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাত ও একটি পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়ার প্রায় ৫ বিঘা আয়তনের একটি সরকারি খাস পুকুরের লিজ নিয়ে আছমত আলী ও স্থানীয় বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুকুরটি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।