চন্দ্রগঞ্জ বাজারে অনিরাপদ খাদ্য প্রস্তুত, তিন রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অনিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রমিক হোটেলকে ১ লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনে এ দণ্ড দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ফুটপাত দখল করে খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার, মো. আবিদ আহসান খান আকাশ, বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।
সুমধু চক্রবর্তী জানান, অভিযানে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।