গফরগাঁওয়ে ৫০ শয্যার হাসপাতাল দিয়ে ৭ লাখ মানুষের চিকিৎসা সম্ভব নয়: এমপি বাচ্চু
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, তার নির্বাচনী এলাকায় প্রায় সাত লাখ মানুষের বসবাস থাকলেও সেখানে মাত্র ৫০ শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এত কম শয্যার হাসপাতালে এত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব নয়। তাই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নীত করে সবার চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের পাঁচাহার গ্রামে সরকারি একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শুধু কমিউনিটি ক্লিনিক নয়, ইতিমধ্যে উপজেলার ১৫টি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সপ্তাহে এক থেকে দুই দিন করে এমবিবিএস ডাক্তার বসে চিকিৎসা দেবে। পর্যায়ক্রমে এই ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ ইসহাক, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম, ডাক্তার জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, টাঙ্গাব ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পাট কর্মকর্তা ফজলুল হক, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।