রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার বাতিল
রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বঘোষিত দুটি ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি জানান, রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ দুটি অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কূটনীতিক এবং এতিম, আলেম-উলামাদের সম্মানে আয়োজিত দুটি ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এসব ইফতার মাহফিল ৬ মার্চ ও ৭ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে এ বছর তিনি নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করছেন।