হিলি সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার ঠেকাতে টহল জোরদার করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
সেক্টর কমান্ডার জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে হিলিসহ সেক্টরের সব সীমান্তে সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, “দেশের জ্বালানি সম্পদ যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এবং ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। এই সুযোগে কিছু অসাধু পাচারকারী অধিক মুনাফার আশায় গোপনে তেল পাচারের চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।