নতুন গানের ভিডিও ঘিরে বিতর্ক, র্যাপার বাদশার বিরুদ্ধে মামলা
নতুন মিউজিক ভিডিও ঘিরে বিতর্কে আবারও আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় র্যাপার বাদশা। একটি হারিয়ানভি গান নিয়ে আপত্তির জেরে তার বিরুদ্ধে পানিপথ ও পঞ্চকুলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১ মার্চ গায়কের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাটেরি’ নামের গানটি প্রকাশ করা হয়। ভিডিওতে একদল স্কুলছাত্রীকে স্কুলব্যাগ নামিয়ে নাচতে দেখা যায়। এই দৃশ্য ও গানের কথার মধ্যেই আপত্তিকর ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ তুলেছে হরিয়ানা মহিলা কমিশন।
কমিশনের সভাপতি রেনু ভাটিয়া বলেন, গানের কিছু শব্দ ও উপস্থাপনা অত্যন্ত আপত্তিকর এবং এতে যৌন ইঙ্গিত রয়েছে। তার মতে, এ ধরনের বিষয়বস্তু তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ঘটনায় কমিশনের পক্ষ থেকে পানিপথ পুলিশে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চকুলার অভয় চৌধুরী নামের এক ব্যক্তি গায়কের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে গায়কের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। জানা গেছে, আগামী ১৬ মার্চ এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগেও প্রবীণ শিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি’ গান নতুনভাবে তৈরি করে কপিরাইট ও লোকসংগীতের অবমাননার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন বাদশা। এবার নতুন গানের ভিডিও ও কথার কারণে আবারও আইনি লড়াইয়ের মুখে পড়লেন তিনি।