ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে গেল আসবাবপত্র
ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে স্থানীয় বিএনপির একটি কার্যালয়। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র এবং দলীয় প্রধানের ছবি পুড়ে যায়।
ঘটনার সময় দু’টি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের মধ্যস্থতায় ওই দিনই বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে সেই ঘটনার জের ধরে কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।