শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশভোলায় ইউপি কার্যালয়ে বিএনপি–বিজেপি নেতাকর্মীদের হাতাহাতি

ভোলায় ইউপি কার্যালয়ে বিএনপি–বিজেপি নেতাকর্মীদের হাতাহাতি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোলায় ইউপি কার্যালয়ে বিএনপি–বিজেপি নেতাকর্মীদের হাতাহাতি

ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হয়নি।

স্থানীয় সূত্র জানায়, ইলিশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন শিকদার। এতদিন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন সদর উপজেলা আইসিটি কর্মকর্তা। তার বদলির পর প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে পরিষদ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

সূত্র আরও জানায়, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা পরিষদে আসা বন্ধ রাখলেও শনিবার তারা পরিষদে উপস্থিত হন। তাদের উদ্দেশ্য ছিল আগের প্যানেল চেয়ারম্যানকে বাদ দিয়ে অন্য একজন ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যান করা। বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে দুই পক্ষ তৈরি হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য আব্দুল বারেককে মারধরের অভিযোগ ওঠে, যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন।

সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ সমর্থিত সদস্যদের বিজেপির নেতারা পরিষদে নিয়ে এসে নিজেদের পছন্দের ব্যক্তিকে প্যানেল চেয়ারম্যান করার চেষ্টা করছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির ভোলা জেলা সাধারণ সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ দাবি করেন, এ ঘটনায় বিজেপির কোনো সংশ্লিষ্টতা নেই। তার মতে, এটি মূলত বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধ।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, পরিষদে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এটি ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।