কুমিল্লায় ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিতসহ আহত ৩
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে একটি মন্দিরের পুরোহিতসহ অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক, নজরুল ইসলামের ছেলে জিহাদ এবং কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত পুরোহিত কেশব চক্রবর্তী জানান, সন্ধ্যায় ভক্তদের নিয়ে কালী গাছতলা মন্দিরে পূজা করছিলেন। এ সময় একটি বস্তু মন্দিরের কাছে এসে পড়ে। প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি, ধারণা করেছিলেন গাছ থেকে কিছু পড়ে থাকতে পারে। পরে বস্তুটি সরিয়ে দিতে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন।
পুরোহিতের স্ত্রী ওমা চক্রবর্তী জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত চলে যায়। বস্তুটি থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি স্বামীকে সতর্ক করেন যে এটি বোমা হতে পারে। কিছুক্ষণ পরই সেটি বিস্ফোরিত হয়।
আহত পথচারী আবদুল বারেক বলেন, তিনি মসজিদ থেকে বের হয়ে গেটের সামনে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় রাস্তার পাশে একটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হলে তিনি আহত হন।
কুমিল্লা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল সাহা বলেন, সম্প্রীতির শহর কুমিল্লার শান্ত পরিবেশ নষ্ট করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, মন্দিরের পুরোহিত আহত হওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় মন্দিরের পাশের একটি মসজিদের ফটকের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দুই মুসল্লি আহত হন।