শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশচট্টগ্রাম নগরীতে নজরদারি জোরদার: সিএমপিতে যুক্ত হলো আরও ২৬৯ সিসি ক্যামেরা

চট্টগ্রাম নগরীতে নজরদারি জোরদার: সিএমপিতে যুক্ত হলো আরও ২৬৯ সিসি ক্যামেরা

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম নগরীতে নজরদারি জোরদার: সিএমপিতে যুক্ত হলো আরও ২৬৯ সিসি ক্যামেরা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও ২৬৯টি সিসি ক্যামেরা স্থাপন করেছে।

রোববার (৮ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর দামপাড়ায় অবস্থিত সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এসব ক্যামেরার তদারকি কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

সিএমপি সূত্রে জানা গেছে, নতুন ক্যামেরাগুলো মহানগরের ৯টি থানার আওতাধীন ৮১টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর আরও বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্তে সহায়ক হবে।

তিনি আরও জানান, এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ স্থানগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, আগে প্রায় ৮০০ সিসি ক্যামেরা নিয়ে ‘সিএমপি আইজ’ নামে একটি নজরদারি ব্যবস্থা চালু ছিল, যার মাধ্যমে পুরো নগরী পর্যবেক্ষণ করা হতো। সময়ের সঙ্গে অনেক ক্যামেরা অকার্যকর হয়ে পড়ায় সেই ব্যবস্থায় বিঘ্ন ঘটে। পরে সেগুলো পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হলে নতুন করে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।