জুলাই সনদ ভঙ্গ করে বিএনপি যাত্রা শুরু করেছে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়েই বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে এবং এতে দেশের মানুষের কাছে ভালো বার্তা যায়নি।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে বিএনপির কায়সার কামালকে ডেপুটি স্পিকার করা হয়েছে। পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, যাকে তিনি ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এর মাধ্যমে বিএনপি স্বৈরাচার সরকারের ধারাবাহিকতার মধ্য দিয়েই তাদের কার্যক্রম শুরু করেছে, যা তাদের জন্য হতাশাজনক।
সারজিস আলম দাবি করেন, বাংলাদেশের জনগণ এমনকি বিএনপির অনেক সমর্থকও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে মত দিয়েছেন। সেই অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা জরুরি।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে যদি কোনো সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে, তাহলে সেই সরকার বা সংসদ স্বাভাবিকভাবে কার্যকর হবে না। কোনো দল যদি দলীয় স্বার্থে বা ক্ষমতার মোহে স্বৈরাচারী পথে হাঁটে, তাহলে দেশের জনগণ এবং বিরোধী শক্তি একসঙ্গে তাদের প্রতিরোধ করবে বলেও তিনি সতর্ক করেন।