মুক্তি পেল শাকিব খানের ‘প্রিন্স’ টিজার, গ্যাংস্টার লুকে অ্যাকশন ঝড়
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত ঈদের ছবি প্রিন্স-এর টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দেড় মিনিট দৈর্ঘ্যের এই টিজারটি মুক্তি দেওয়া হয়। এতে গ্যাংস্টার অবতারে বুলেটের বৃষ্টি ছুড়তে দেখা যায় শাকিব খানকে। টিজারে তাকে দুটি ভিন্ন লুকে হাজির হতে দেখা গেছে।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রকাশিত টিজারেও অন্ধকার আন্ডারওয়ার্ল্ড জগতের রহস্যময় ও উত্তেজনাপূর্ণ পরিবেশ ফুটে উঠেছে।
টিজারের ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শোনা যায় শাকিব খানের সংলাপ—ঢাকার আন্ডারওয়ার্ল্ডে অসংখ্য শিয়াল ঘুরে বেড়ায়, আর কিছু থাকে নেকড়ের মতো ভয়ংকর। পাশাপাশি শত্রুদের উদ্দেশে বুলেটের বৃষ্টির হুঁশিয়ারিও দিতে দেখা যায় তাকে।
টিজারে লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে মিনিগান নিয়ে শত্রুদের বিরুদ্ধে আক্রমণাত্মক রূপে হাজির হয়েছেন শাকিব খান। আরেকটি লুকে তাকে ছোট চুলে দেখা যায়। ডার্ক টোন ও নিওন লাইটিংয়ের ব্যবহারে আন্ডারওয়ার্ল্ডের গা ছমছমে আবহ ফুটে উঠেছে দৃশ্যপটে।
এছাড়া টিজারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য-কেও দেখা গেছে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।