শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমরাজনীতি৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

favicon
ভোরের আলো ডেস্ক:
৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।


রবিবার (১৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তার মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে সদ্য গঠিত বিএনপি সরকার শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।


বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়াই গণতন্ত্রের মৌলিক ভিত্তি। কিন্তু সরকার সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে একের পর এক প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে নিয়োগভিত্তিক ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা ধরে রাখার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সরকারের এই পদক্ষেপ আসলে গণতন্ত্রকে দুর্বল করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।

তার মতে, পরবর্তী ধাপে জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সে বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

কিন্তু সরকার দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি দাবি করেন, প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র হতে পারে এবং এটি গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে।