ঈদে ভক্তদের সঙ্গে সালমান, সুস্থ হয়ে প্রকাশ্যে সেলিম খান
ভোরের আলো ডেস্ক:
২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
প্রতি বছরের মতো এবারও ঈদে ভক্তদের হতাশ করেননি বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে জড়ো হওয়া হাজারো ভক্তের উদ্দেশে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যালকনিতে এসে শুভেচ্ছা জানান তিনি।
তবে এবারের ঈদ ছিল বিশেষ, কারণ দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল তার বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে।
সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি তাকে লীলাবতী হাসপাতাল-এর আইসিইউতে নেওয়া হয় এবং কয়েকদিন ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। চিকিৎসা শেষে গত মঙ্গলবার (১৭ মার্চ) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম তাকে প্রকাশ্যে দেখা গেল।
৯০ বছর বয়সী এই কিংবদন্তিকে সুস্থ অবস্থায় দেখে ভক্তদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। নিরাপত্তার কারণে বুলেট-প্রুফ কাচের আড়াল থেকেই তিনি ভক্তদের উদ্দেশে হাত নাড়েন।
অসুস্থতার সময় আরবাজ খান, আলভিরা ও অর্পিতাসহ পরিবারের সদস্যরা নিয়মিত তার পাশে ছিলেন। এছাড়া দীর্ঘদিনের সহকর্মী জাভেদ আখতারও তাকে দেখতে হাসপাতালে যান।
‘শোলে’, ‘দিওয়ার’ ও ‘ডন’-এর মতো কালজয়ী সিনেমার স্রষ্টা সেলিম খানকে আবারও সুস্থভাবে ফিরে আসতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
রবিবার | ২২ মার্চ ২০২৬
ঈদে ভক্তদের সঙ্গে সালমান, সুস্থ হয়ে প্রকাশ্যে সেলিম খান