মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল
ইরান-কে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের মূল্যায়নের মধ্যেই তেলের বাজারে এই উত্থান ঘটেছে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়।
এদিকে রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.১৩ ডলার (১.১ শতাংশ) বেড়ে ১০৩.৩৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ১.০৮ ডলার (১.২ শতাংশ) বেড়ে প্রতি ব্যারেল ৯১.৪০ ডলারে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, আগের দিন উভয় ক্ষেত্রেই তেলের দাম ২ শতাংশের বেশি কমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের ইঙ্গিত তেলের দামে সাময়িক পুনরুদ্ধারে ভূমিকা রাখলেও যুদ্ধবিরতি নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: সামা টিভি