নেপালে সহিংসতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ওলিসহ দুজন গ্রেপ্তার
নেপাল-এ গত বছরের রক্তক্ষয়ী গণবিক্ষোভ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) ভোরে রাজধানী কাঠমাণ্ডু-র উপকণ্ঠে নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়।
২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী ছাত্র-যুব আন্দোলন শুরু হয়ে তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ওই সময় বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে অন্তত ৭৭ জন নিহত হন।
সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেননি। প্রতিবেদনে তাদের অবহেলার কারণে প্রাণহানির জন্য দায়ী করা হয় এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।
এদিকে, র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া নেতা বলেন্দ্র শাহ গত ৫ মার্চের নির্বাচনে জয়লাভের পর ২৭ মার্চ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথের একদিন পরই এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের সূচনা।”
সূত্র: দ্য গার্ডিয়ান