হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবলকে বিদায় বললেন অস্কার
ব্রাজিলের পরিচিত মিডফিল্ডার অস্কার হঠাৎ করেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র ৩৪ বছর বয়সেই গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হলেন তিনি।
তার বর্তমান ক্লাব সাও পাওলো জানিয়েছে, স্বাস্থ্যঝুঁকির কারণে অস্কার নিজেই চুক্তি বাতিল করেছেন, যদিও ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত।
গত বছরের নভেম্বরে হৃদযন্ত্রের জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তার শরীরে ভ্যাসোভেগাল সিনকোপ শনাক্ত করেন, যা হঠাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে।
অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তায় অস্কার বলেন, “আমি আরও খেলতে চেয়েছিলাম, ক্লাবকে আরও কিছু দিতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি আমাকে থামিয়ে দিয়েছে। এখন আমি অবসর নিচ্ছি এবং একজন সমর্থক হিসেবে সাও পাওলোর পাশে থাকব।”