ভারতের বিরুদ্ধে ‘ফলস ফ্ল্যাগ’ অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, কলকাতা লক্ষ্য করার হুঁশিয়ারি
ভারত ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে দিল্লির কোনো উসকানির জবাবে প্রয়োজনে কলকাতাকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (৫ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে।
খাজা আসিফ দাবি করেন, ভারত ভবিষ্যতে কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করতে পারে। তিনি বলেন, এমন কিছু ঘটলে তার জবাব দেওয়া হবে এবং পরিস্থিতি কলকাতা পর্যন্ত গড়াতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, ভারত নিজেদের নাগরিক বা হেফাজতে থাকা পাকিস্তানি কয়েদিদের হত্যা করে জঙ্গি ঘটনার নাটক সাজাতে পারে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।