শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমবিনোদনমাল্টিপ্লেক্সে সন্ধ্যার পর শো বন্ধ, ঈদের সিনেমা ঘিরে অনিশ্চয়তা

মাল্টিপ্লেক্সে সন্ধ্যার পর শো বন্ধ, ঈদের সিনেমা ঘিরে অনিশ্চয়তা

favicon
ভোরের আলো ডেস্ক:
মাল্টিপ্লেক্সে সন্ধ্যার পর শো বন্ধ, ঈদের সিনেমা ঘিরে অনিশ্চয়তা

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রাখলেও সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে শো বন্ধের সিদ্ধান্ত চলচ্চিত্র অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখার কারণে প্রথমে কিছু বড় সিনেমা হল শো বন্ধ ঘোষণা করে। পরে পরিস্থিতি বিবেচনায় অন্যান্য মাল্টিপ্লেক্সও একই সিদ্ধান্ত নেয়।

এই অবস্থায় ঈদের সিনেমাগুলোর নির্মাতা ও প্রযোজকরা উদ্বেগ প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা সরকারের সিদ্ধান্তকে সম্মান জানালেও সিনেমা হল বন্ধ থাকার প্রভাব নিয়ে আশঙ্কা জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ‘দম’-এর নির্মাতা ও প্রযোজক শাহরিয়ার শাকিল এবং রেদওয়ান রনি, ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্মাতা তানিম নূর ও প্রযোজক সাকিব আর খান, ‘প্রেশার কুকার’ নির্মাতা রায়হান রাফী, ‘রাক্ষস’ প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং ‘প্রিন্স’-এর প্রযোজক শিরিন সুলতানা

তারা বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত মানলেও সিনেমা হলগুলো একইভাবে বন্ধ হওয়ায় চলচ্চিত্র শিল্পে বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। ঈদের সিনেমার মূল দর্শক সাধারণত সন্ধ্যা ও রাতের শোতেই বেশি আসেন, ফলে এ সময় শো বন্ধ থাকলে অনেক দর্শক প্রেক্ষাগৃহে যেতে পারবেন না।

নির্মাতা–প্রযোজকরা অতীতের উদাহরণ তুলে ধরে জানান, আগে মার্কেট বন্ধ থাকলেও সিনেমা হলগুলোকে আলাদা বিবেচনায় চালু রাখা হতো এবং রাত পর্যন্ত শো চলত, যেখানে কোনো বড় ধরনের নিরাপত্তা সমস্যা হয়নি।

তারা বর্তমান পরিস্থিতিতেও সেই ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছেন এবং বলেন, একটি সিনেমা নির্মাণে বড় অঙ্কের বিনিয়োগ থাকে, যা মূলত ঈদের কয়েকদিনের ব্যবসার ওপর নির্ভর করে ফেরত আসে।